মাসাকাদজাকে জয় উপহার দিতে চায় জিম্বাবুয়ে

কাইল জার্ভিস সকালে ঠিক নিশ্চিত করে বলতে পারলেন না অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে মাঠ থেকে বিদায় দিতে তার দলের কী পরিকল্পনা। তবে কিছু একটা তো করা হবেই। ২০০১ সালে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল জিম্বাবুইয়ান ব্যাটিং প্রতিভার। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেটি থামছে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে তাই অন্তত ক্যাপ্টেনের জন্য জয় চাইছে আফ্রিকানরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাসাকাদজাকে বিশেষ সম্মাননা দেবে। তার হাতে তুলে দেবে বিদায়ী একটি ট্রফি। বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ব্যাটসম্যানের। সুসম্পর্কের একটি শুভেচ্ছা স্মারক তাকে বাংলাদেশের কথা মনে করাবে আজীবন।

আগের ম্যাচে বাংলাদেশের জয়ে জিম্বাবুয়ে ছিটকে পড়েছে চলমান টুর্নামেন্ট থেকে। স্বাগতিকদের সঙ্গে আফগানিস্তান উঠেছে ফাইনালে। বাংলাদেশের কাছে দুবার হারা জিম্বাবুয়ে প্রথম দেখায় আফগানিস্তানের কাছে হেরেছে। এই প্রতিপক্ষের বিপক্ষে কখনো জেতেনি তারা। র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান ৭। জিম্বাবুয়ে এখন ১৪। আফগানরা দুর্দান্ত দল টি-টোয়েন্টিতে। টানা ১২ ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড গড়েছে আগের জয়ে। সেটিকে ১৩-তে তুলে নেওয়ার ম্যাচ আজ। নতুন রেকর্ড অবশ্য নিজেদেরটা ভেঙে গড়েছে। এই দলটি কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশকেই পাত্তা দেয়নি প্রথম ম্যাচে। সেখানে সমস্যা সঙ্কুল জিম্বাবুয়ে কী আশা করতে পারে? তাদেরও সহজে হারিয়েছে আগের ম্যাচে।

কিন্তু একটা সব হারানো দলের কাছে কিছু আর হারানোর থাকে না। তাই শেষ লড়াইটা নিশ্চিতভাবে প্রাণপণ করে লড়বে। তার ওপর প্রেরণা হিসেবে আছে মাসাকাদজাকে জয় দিয়ে বিদায় দেওয়ার ইচ্ছা। সাড়ে ৬টায় শুরু ম্যাচে কী হয় তাই দেখার অপেক্ষা এখন।

 

‘কোহলির চেয়ে স্মিথ ভালো’

এই সময়ের সেরা ব্যাটসম্যান কে? উত্তরে ঘুরেফিরে দুটি নামই আসবে। একজন বিরাট কোহলি, অন্যজন অবশ্যই স্টিভেন স্মিথ। কিন্তু এই দুজনের মধ্যে একজনকে সেরা হিসেবে বেছে নিতে হলে মুশকিলেই পড়তে হবে। পরিসংখ্যানের ভিত্তিতে টেস্টে যদি স্মিথকে সেরা মনে হয়, ওয়ানডে আর টি-টোয়েন্টিসহ সব ফরম্যাট মিলিয়ে হয়তো সেরা মনে হবে কোহলিকে। সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসারও এমনটাই মনে করেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘স্টিভেন স্মিথ বিরাট কোহলির চেয়ে ভালো টেস্ট ব্যাটসম্যান। কিন্তু যদি সংক্ষিপ্ত সংস্করণ দেখেন তাহলে কোহলি এগিয়ে আছে। সে সবকিছু মিলিয়েই বিশ্বমানের ক্রিকেটার। সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। স্মিথ বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান।’ বর্তমান বিশ্ব ক্রিকেটে কোহলিই একমাত্র ক্রিকেটার যার তিন সংস্করণেই ৫০-এর ওপর ব্যাটিং গড়। ভারতীয় অধিনায়ক ওয়ানডেতে ইতিমধ্যে ৪৩টি সেঞ্চুরি করেছেন। টেস্টে কিছুটা পিছিয়ে থাকলেও ৫৩ গড়ে ২৫টি সেঞ্চুরি করেছেন কোহলি।  টেস্টে বিরাট কোহলির চেয়ে বেশ এগিয়ে স্মিথ। তার সেঞ্চুরি সংখ্যা ২৬। গড় ৬৪.৫৬। এই পরিসংখ্যানের কারণেই স্মিথকে সেরা টেস্ট ব্যাটসম্যান বলেছেন পানেসার। তবে তিনি মনে করেন শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙার ক্ষেত্রে এগিয়ে থাকবেন কোহলি। এখন ভারতীয় অধিনায়কের সেঞ্চুরি সংখ্যা ৬৮। ইন্টারনেট।