৩৩ কোটি টাকার পুরস্কার ফজলে হাসান আবেদের

শিক্ষার উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের সবচেয়ে ‘দামি’ পুরস্কার পাচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদ। হংকংভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার এই পুরস্কারের জন্য ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম ঘোষণা করে।

ইদান প্রাইজ নামে এই পুরস্কারের অর্থমূল্য প্রায় ৩৩ কোটি টাকা। এই টাকা নগদ ও প্রকল্প তহবিল হিসেবে সমান দুই ভাগে দেওয়া হবে বলে ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত পদ্ধতিতে আনন্দময় পরিবেশে খেলাধুলার মধ্য দিয়ে ব্র্যাক বিশ্বজুড়ে পাঠদানের আয়োজন করে আসছে। বাংলাদেশে ব্র্যাকের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলগুলোতে পাঁচ দশক ধরে অন্তত ১ কোটি ২০ লাখ শিশু শিক্ষা নিয়েছে।

এ ছাড়া শরণার্থী শিশুরা যাতে আনন্দময় পরিবেশে শিক্ষালাভের মাধ্যমে মানসিক ক্ষত কাঠিয়ে উঠতে পারে, সে উদ্দেশ্যে হিউম্যানিটারিয়ান প্লে-ল্যাব নামে একটি মডেল তৈরি করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট। উগান্ডা ও তানজানিয়ায় পরিচালিত হচ্ছে মোট ৬৫৬টি প্লে-ল্যাব। যেখানে প্রতিদিন নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছে অন্তত ১১ হাজার ৫০০ শিশু।

বিজ্ঞপ্তিতে ফজলে হাসান আবেদের বরাতে বলা হয়েছে, ইদান পুরস্কার থেকে পাওয়া অর্থ ব্র্যাকের শিক্ষা কার্যক্রম বিস্তারে বিশেষ সহায়ক হবে। এই অর্থ শিক্ষা কার্যক্রম জোরদার এবং নতুন নতুন প্লে-ল্যাব প্রতিষ্ঠায় ব্যবহার করা হবে। ডিসেম্বরে হংকংয়ে অনুষ্ঠানে ফজলে হাসানের হাতে পুরস্কারের অর্থের সঙ্গে সম্মাননাসূচক একটি স্বর্ণপদকও তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইদান প্রাইজ ফাউন্ডেশন দুটি ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কারটি দিয়ে থাকে শিক্ষা গবেষণা ও অপরটি শিক্ষা উন্নয়ন।

এ বছর শিক্ষা গবেষণার জন্য পুরস্কার পাচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ ডেভেলপমেন্টাল নিউরোসায়েন্সের অধ্যাপক ঊষা গোস্বামী।