ক্রিকেটকে বিদায় জানাতে নামছেন মাসাকাদজা

বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে দেখেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের অভিজ্ঞ সদস্য হ্যামিল্টন মাসাকাদজা। তাই ক্রিকেট থেকে বিদায় নেওয়ার জন্য তাই বাংলাদেশকেই বেছে নিয়েছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। চলতি টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ দিয়ে ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতে হেরে ছিটকে গেছে দলটি। ফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান।

কিছু পাওয়ার না থাকলেও আফগানদের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। দলের অধিনায়ক মাসাকাদজার বিদায়ী ম্যাচ। প্রায় কুড়ি বছরের ক্যারিয়ারে ইতি টানবেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

জিম্বাবুয়ের ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। সেটা মাঠের বাইরে কিংবা মাঠের পারফরম্যান্সে। তারা ত্রিদেশীয় সিরিজ খেলতেই এসেছে আইসিসির নিষেধাজ্ঞা মাথায় নিয়ে। নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। বাংলাদেশে আসার আগে মাসাকাদজার অবসর ঘোষণা দেওয়ার এটাও একটা কারণ।

২০০১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। এই সময়ে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট খেলেছেন ৩৮টি, ওয়ানডে খেলেছেন ২০৯টি; টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৬৫টি। সাদা পোশাকে রয়েছে ২ হাজার ২২৩ রান। ওয়ানডেতে ৫ হাজার ৬৫৮ রান তুলেছেন মাসাকাদজা। অন্যদিকে সবচেয়ে ছোট ফরম্যাটে করেছেন ১ হাজার ৫৯১ রান করেছেন। তিন ফরম্যাটে ৫৭ উইকেটও রয়েছে তার নামের পাশে।

আফগানিস্তানকে হারিয়ে মাসাকাদজাকে বিদায়ী সংবর্ধনা দিতে চায় জিম্বাবুয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিদায় সংবর্ধনা দিতে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।