২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর সমুদ্র থেকে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো মিয়ানমারের আকিয়াব জেলার মো. দইলা (২০), মো. রবি আলম (১৭), মো. আলম (২৫), মো. শফিকুল (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০) ও নুরুল আমীন (৩৫) ।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছধরা ট্রলারে ইয়াবার বড় চালান আসছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান, মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকদের নামে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ইয়াবার চালানটি কার কাছে নেওয়া হচ্ছিল, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।