বাল্যবিয়ের আয়োজন

কলমাকান্দায় কাজিসহ দুই পক্ষকে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইউএনওর চেষ্টায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী (১৪)। বাল্যবিয়ের আয়োজন করায় উভয়পক্ষের অভিভাবকসহ বিয়ের আসরে উপস্থিত স্থানীয় মৌলভীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

কলমাকান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বরুয়াকোনা চিকনটুপ গ্রামের ওই স্কুলছাত্রীর সঙ্গে একই উপজেলার চান্দুয়াইল (কান্দাপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মাসুদের (২৩) বিবাহ সম্পন্নের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্কুলছাত্রীর মাকে ৩০ হাজার, বরের দাদা কাশেম আলীকে ৫০ হাজার ও স্থানীয় মৌলভী খায়রুল কবিরকে বিয়ে পড়ানোর উদ্যোগ গ্রহণ করায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও জাকির হোসেন বলেন, জরিমানা আদায় করা হয়েছে। কলমাকান্দাকে বাল্যবিয়ে মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।