টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরে এক মিছিল শেষে সমাবেশে দুদুকে আজীবনের জন্য চুয়াডাঙ্গাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগে যৌথভাবে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বিকেল পৌনে ৫টার দিকে শহরের পুরনো জেলখানা এলাকা থেকে মিছিলটি বের করে শহীদ হাসান চত্বরে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, যুবলীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি-জামায়াত চক্ররা নানাভাবে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। টকশোতে শামসুজ্জামান দুদুর বক্তব্য সেই ইঙ্গিতই বহন করে। বক্তারা চুয়াডাঙ্গাসহ সারা দেশে দুদুকে প্রতিহতের ঘোষণা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানান।