ঘুষ চাওয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেবাপ্রার্থীর কাছে ঘুষ দাবির ঘটনায় বরখাস্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে মামলার শুনানি হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

তিনি আরও জানান, ভুক্তভোগী মিহির দেবের অভিযোগ ও নাসিরনগর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) লিখিত আবেদন আমলে নিয়ে বজলুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। শুনানির দিন উভয়পক্ষ উপস্থিত থাকবে।

গত ২৬ মে বজলুল হকের বিরুদ্ধে সদর ইউনিয়নের বেশ কয়েকজন ভুক্তভোগীর পক্ষে মিহির দেব লিখিত অভিযোগ করেন। এরপর ১২ জুন উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ওইদিনই ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হককে প্রত্যাহার করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। পরে ১৪ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ভুক্তভোগী মিহির দেব জানান, জমি খারিজের জন্য তিনি ভূমি কর্মকর্তা বজলুল হকের কাছে গেলে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় জমি খারিজের সব কাগজপত্র আটকে রাখেন বলেও জানান তিনি।