স্বাগতিক কাতারের কাছে ২-০ ব্যবধানে হেরে ২০২০ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। গতকাল ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। ভুটানের বিপক্ষে তারা পেয়েছে ৩-০ গোলের অনায়াস জয়। যে জয়ে চূড়ান্তপর্বের আশা এখনো বেঁচে রইল বাংলাদেশের।
কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের কিশোররা। গতিতে প্রথম ম্যাচে ইয়েমেনের কাছে ১০-১ গোলে পরাস্ত হওয়া ভুটানিজদের যেমন পেছনে ফেলেছিল তারা, বল নিয়ন্ত্রণেও স্পষ্ট এগিয়ে ছিল। তবে গোল পেতে তাদের অপেক্ষায় থাকতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। ম্যাচের ২০ মিনিটে সাইফুল ইসলাম সাঈদের হেড সাইডবারে লেগে ফিরেছে। ৪০ মিনিটে মিডফিল্ডার ইমন ইসলামের শট বারের ওপর দিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের মাপা ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান সাঈদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে ভুটান। ৫১ মিনিটে ভুটান ডিফেন্ডার কেলজাং জিগমে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন। এক মিনিট পর সতীর্থের ডিফেন্সভেদী থ্রু ধরে অফসাইড ট্র্যাপ ভেঙে বল আয়ত্তে এনে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন মইনুল ইসলাম।
বাকি সময়ও গোলের বেশ কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৫৮ মিনিটে মিডফিল্ডার সাজেদ হাসানের বক্সের অনেক বাইরে থেকে নেওয়া জোরালো শট ভুটান গোলরক্ষকের গ্লাভস গলে সাইডবারে লেগে ফিরে আসে। দু’ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ইয়েমেনের বিপক্ষে রবিবার।