২০১৯ বিশ্বকাপের পর ভারত দলে ডাক পাননি মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না বিশ্রামের কারণে। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজেও দলে নেই ধোনি। আরও আগেই টেস্ট থেকে অবসরে যাওয়া সাবেক ভারত অধিনায়ক বিশ্বকাপের পর অবসর নিয়ে মুখ খোলেননি। কাগজে-কলমে এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত দলে আছেন ধোনি। কিন্তু সাবেক ভারত গ্রেট সুনিল গাভাস্কার বলছেন সময় এসেছে ধোনিকে ছাড়াই এগিয়ে যাওয়ার, ২০২০ টি-টোয়েন্টি নিয়ে ভাবার।
সামনের বছর অস্ট্রেলিয়ায় বসবে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার জন্য সব দলই প্রস্তুত হচ্ছে। প্রস্তুত হচ্ছে ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে তাই তারুণ্যের আধিক্য রেখেছেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী। এই চিন্তাকে স্বাগত জানিয়েছেন গাভাস্কার। তার মতে, ধোনিকে ভুলে গিয়ে তরুণদেরই বিশ্বকাপের জন্য তৈরি করা উচিত। এজন্য রিশভ পান্তকেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এক নম্বর পছন্দ করে রেখেছেন গাভাস্কার।
এমনকি বাংলাদেশের বিপক্ষে নভেম্বরে তিন টি-টোয়েন্টি সিরিজেও ধোনিকে দেখতে চান না তিনি। এ ব্যাপারে সাবেক ভারত অধিনায়ক জানান ‘না, এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাকে যদি দল গড়তে বলা হয় তবে অবশ্যই ধোনিকে রাখব না। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় ধোনির চেয়ে রিশভ পান্তই আমার প্রথম পছন্দ।’ যদি রিশভ পান্ত ভালো না করে তবে সাঞ্জু স্যামসনকে নিয়ে ভাবতে বলেছেন গাভাস্কার, ‘পান্তর পরিবর্তে যদি কোনো অপশন রাখতে বলা হয় তবে অবশ্যই সাঞ্জুকে রাখব। সে খুব ভালো উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন ভাবতে হবে। এখানে ধোনির চেয়ে তরুণদের সুযোগ দেওয়াই ভালো। ভারত ক্রিকেটে ধোনির অবদান অবশ্যই বিশাল, কিন্তু এখন সময় এসেছে সামনে তাকানোর।’