ইউরোপের দ্বিতীয় আকর্ষণীয় লিগ ইউরোপা লিগের পর্দা উঠেছে অঘটন ছাড়াই। গতবার দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও আর্সেনালের সঙ্গে ইতালি জায়ান্ট এসি মিলান লিগের আকর্ষণ ছিল। এবারও ইংল্যান্ড থেকে দুই দল আছে গতবারের রানার্সআপ আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড সঙ্গে সেভিয়াও আছে শিরোপা জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে। ইউরোপার রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী তো তারাই। গতবার শিরোপা জিতেছিল চেলসি, গেলবারের মতো জায়ান্টদের হাতেই শিরোপা উঠবে কি না তা মৌসুম শেষেই জানা যাচ্ছে। তবে মৌসুমের প্রথম দিন হোঁচট খেতে হয়নি কোনো জায়ান্টকে। প্রত্যাশিত জয়ে ইউরোপা লিগ শুরু করেছে তারা।
সমান ৩ গোলের জয় পেয়েছে সেভিয়া ও আর্সেনাল। এদিকে ঘরের মাঠে তরুণ দল নিয়ে ম্যাচ জিততে বেগ পেতে হয়েছে ম্যান ইউনাইটেডকে। ১৭ বছর বয়সী মেসন গ্রিনউডের একমাত্র গোলে জিতেছে রেড ডেভিলসরা। ম্যাচে গোল করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ম্যানইউর হয়ে সর্বকনিষ্ঠ গোলস্কোরার হয়েছেন গ্রিনউড। আরেক বড় দল ইতালি জায়ান্ট এ এস রোমাও সহজেই জিতেছে ঘরের মাঠে। ইস্তাম্বুল বাসাকসেহিরকে ৪-০ গোলে হারিয়েছে রোমা। এছাড়া নামি দলগুলোর মধ্যে ভলসবুর্গ ৩-১ গোলে আলেক্সান্দ্রিয়াকে, পিএসভি আইন্দহোভেন ৩-২ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে, এফসি বাসেল ৫-০ গোলে হারিয়েছে ক্রাসোন্দারকে, এফসি কোপেনহেগেন ১-০ গোলে হারিয়েছে লুগানোকে, এফসি পোর্তো ২-১ গোলে ইয়ং বয়েজকে। এছাড়া এস্পানিওল ১-১ ব্যবধানে ড্র করে ফেরেনসভারোসের সঙ্গে। একমাত্র হোঁচট খাওয়া দল জার্মান জায়ান্ট বরুশিয়া মনচেনগ্লাডবাখ। অস্ট্রিয়ান দল ভলসবার্গারের কাছে ৪-০তে হেরেছে তারা।
ম্যান ইউনাইটেড কোচ ওলে গানার সোলসকায়ের ইউরোপা লিগকে কম গুরুত্ব দিচ্ছেন, নাকি কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী পেয়ে হালকা মনে ছিলেন তা তিনিই জানেন। নয়তো এফসি আস্তানার বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে ৯টি বদল আনার কথা নয়। তরুণ ফুটবলারদের দিয়েই দল সাজিয়েছেন সোলসকায়ের। ফলস্বরূপ আরেকটি হারের দ্বারপ্রান্তে ছিলেন। ৭৩ মিনিট গ্রিনউডের গোলটি না হলে হতাশার শুরু পেতেন এবারের ইউরোপা লিগে। অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষক নেনাদ এরিকের বীরত্বও আছে ব্যবধান বেশি না হওয়ায়। দুটি নিশ্চিত গোল রুখে দিয়েছিলেন এরিক। তবুও জয় দিয়ে এল গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ম্যান ইউনাইটেড। ম্যাচ শেষে একাদশে বিপুল বদল আনার পক্ষেই থাকলেন সোলসকায়ের। জানালেন, ‘দলে অনেক ফুটবলার আছে যাদের ম্যাচ খেলা প্রয়োজন। সেদিক থেকে এই ম্যাচটি ওদের জন্য দারুণ সুযোগ ছিল। এতে করে আমরা বেশ কয়েকজনকে দেখে নিতে পেরেছি। এমনিতে ম্যাচটি আমরাই কঠিন করে ফেলেছি। এই রকম ম্যাচ পরিস্থিতিতে জিতে আসতে পারাটা দারুণ হয়েছে। দারুণ অভিজ্ঞতা হলো।’
একাদশে অনেক বদল করে মাঠে নেমেছিল আর্সেনালও। কিন্তু উনাই এমেরিকে জবাবদিহিতে পড়তে হয়নি। কারণ তার দল এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে। গত ম্যাচের একাদশে সাত বদল আনা হয়েছে। সেই সাত বদলের একজন ২০ বছরের উইলক ৩৮ মিনিটে দলের প্রথম গোল করেছেন। পরে ১৮ বছর বয়সী একাদশে সুযোগ পাওয়া অপর তরুণ বি সাকা দ্বিতীয় গোল করেন ৮৫ মিনিটে। মাত্র দুই মিনিটের ব্যবধানে আর্সেনালের নিয়মিত গোলস্কোরার পিয়েরে এমেরিক অবামেয়াং দলের জয় নিশ্চিত করেন। এতে এফ গ্রুপে শীর্ষস্থান দখলে নিয়েছে তারা। বেলজিয়ামের দল স্টান্ডার্ড লিগও নিজেদের প্রথম ম্যাচে জিতে ৩ পয়েন্ট পেয়েছে, তবে গোল গড়ে পিছিয়ে তারা।
এছাড়া ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিন ইউরোপা লিগ জেতা সেভিয়া কারাবাগকে ৪-০ গোলে হারিয়েছে। এই মৌসুমে সেভিয়ায় নাম লেখানো মেক্সিকো তারকা হাভিয়ের হার্নান্দেজ দলটির হয়ে প্রথম গোল পেয়েছেন। স্প্যানিশ জায়ান্টরাও গোল গড়ে এগিয়ে থেকে এ গ্রুপের শীর্ষে।