আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে টাইগার একাদশ?

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে শনিবার মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলেরই ফাইনাল চূড়ান্ত হয়েছে আগেই। ম্যাচটা তাই এক অর্থে শুধু আনুষ্ঠানিকতার।

তবে ফাইনালের আগে এই ম্যাচকে ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে দেখছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে আফগানিস্তানর বিপক্ষে পরাজয়ের বৃত্ত ভাঙতে চায় টাইগাররা। শেষ চার ম্যাচে তাদের বিপক্ষে চারটিতেই হার বাংলাদেশের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচটিতে কেমন হবে বাংলাদেশ দলের একাদশ?

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের একাদশে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আগের ম্যাচে অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লব খুব সম্ভবত এই ম্যাচ মিস করছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ২ উইকেট নেন বিপ্লব। তবে ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় হাতের তালুতে আঘাত পান। যেখানে সেলাইও লেগেছে। হাতে ব্যান্ডেজ নিয়ে শুক্রবার অনুশীলন করেন বিপ্লব। তবে ফাইনালের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না দল।

বিপ্লবের জায়গায় তাই তাইজুল ইসলাম বা সাব্বির রহমানের একজন আসবেন একাদশে।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হার। এরপর জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম/সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।