সিলেটের ওসমানীনগর উপজেলায় এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে হারুন মিয়া (৩০) নামের এক বাবুর্চির বিরুদ্ধে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত শুক্রবার রাতে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার গভীর রাতে নিজ বাড়ি থেকে হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হারুন উপজেলার খালপাড় গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন জানান, ওই কিশোরীর মা-বাবা বাবুর্চি হারুন মিয়ার সঙ্গে সহকারী হিসাবে কাজ করেন। গত ২৯ আগস্ট রাতে হারুনের সঙ্গে একটি অনুষ্ঠানের রান্না করতে তারা পাশের গ্রামে চলে যান। রাতে এক পর্যায়ে হারুন তাদের বাড়িতে এসে কিশোরীকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানাতে হত্যার হুমকি দিয়ে যায়। কিশোরী এ ঘটনা তার মাকে জানায়। এরপর কিশোরীর মা-বাবা বিষয়টি স্থানীয়দের জানালে তারা আপোস-নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন। এরপর কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন।
ওসি আরো জানান, নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার হারুন মিয়াকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।