কদমতলীতে গৃহবধূ খুন, স্বামী আটক

রাজধানীর কদমতলী থানাধীন নতুন শ্যামপুর হাইস্কুল রোডের একটি বাসায় পায়েল (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাশেদের (২৬) বিরুদ্ধে।

শনিবার সকাল ৮টার দিকে পুলিশ পায়েলের লাশ উদ্ধার এবং বাসা থেকে রাশেদকে আটক করে।

নিহতের মা মরিয়ম আক্তার জানান, পায়েলের স্বামী রাশেদ মাদকাসক্ত। কারণে-অকারণে প্রায়ই তাকে নির্যাতন করত। গত শুক্রবার রাতেও বাগ্‌বিতণ্ডার জেরে পায়েলকে মারধর করা হয়। একপর্যায়ে রাগ করে পায়েল বাসা ছেড়ে আমার বাসায় চলে আসে। পরে রাতেই রাশেদ তাকে নিতে আসে। একপর্যায়ে পায়েল তার সঙ্গে চলে যায়। শনিবার সকালে খবর পেয়ে রাশেদের বাসায় গিয়ে খাটের ওপর মেয়েকে অচেতন অবস্থায় পাই। তার গোটা শরীরে আঘাতের চিহ্ন। এ সময় রাশেদও বাসায় ছিল। পরে পুলিশে খবর দেওয়া হলে রাশেদকে তারা আটক করে।

কদমতলী থানার এসআই মো. শহিদুল্লাহ মামুন জানান, বাসা থেকে অচেতন অবস্থায় পায়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পায়েলের গলা, মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

পায়েলের বাবা হাবিব মিস্ত্রির কাজ করেন। আর মা মরিয়ম একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। দুই ছেলে এক মেয়ের মধ্যে পায়েল মেজো। স্কুলে পড়া অবস্থায় এক বছর আগে প্রেমের সম্পর্কে রাশেদকে বিয়ে করেন পায়েল।