চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে জুয়ার আসর বসার প্রমাণ পেয়েছে র্যাব। শনিবার সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীর তিনটি ক্লাব ঘিরে অবস্থান নেন র্যাব সদস্যরা।
প্রথমে নগরীর আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে ঢুকে তল্লাশি শুরু করে র্যাবের একটি দল। ওদিকে সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাব ঘিরে তল্লাশি চালায় র্যাব সদস্যরা।
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব হেড কোয়াটার্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে জুয়া খেলা সরঞ্জাম চিপ, কার্ড ও বেশকিছু খাতাপত্র পেয়েছি। জুয়ার খেলার কিছু টেবিল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ক্লাবটিতে জুয়ার আসর বসে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। পরে সেখানে থাকা এক নিরাপত্তা রক্ষীর সহায়তায় তালা ভেঙে ঢুকে এসব আলামত পাওয়া যায়।
এই ক্লাব পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমণ্ডলীর সদস্য হারুন-আর-রশিদ।