বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেব না : মমতা

বেঁচে থাকতে বাংলায় জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) হতে দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজধানীতে বৈঠক শেষে কলকাতায় ফিরেই মমতা এমন বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ‘বাংলায় উসকানিমূলক মন্তব্য প্রচার চালানো হচ্ছে। কিন্তু বাংলার সকল মানুষ নিশ্চিত থাকুন, এখানে এনআরসি হবে না। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেব না, গুজবে কান দেবেন না।’

তিনি আরও বলেন, ‘এনআরসি করতে গেলে রাজ্য সরকারেরও মতামত লাগে। পশ্চিমবঙ্গে তো আমরা সরকারে রয়েছি। আপনারা ভয় পাবেন না। আমি যখন বলছি, তখন এনআরসি হবে না, হবে না, হবে না। বাংলায় এনআরসি করতে দেব না। আপনাদের কারও গায়ে হাত দিতে গেলে প্রথমে মমতার গায়ে হাত দিতে হবে। আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব।’

এদিকে আসামে নাগরিক তালিকা করার পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লক্ষ্য পশ্চিমবঙ্গে এনআরসি করা। গত শুক্রবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সব সময়ই এর বিপরীতে।’

শুক্রবার এনআরসি আতঙ্কে রাজ্যে এক ব্যক্তির আত্মহত্যার খবর সামনে আসার পর মমতা আরও ক্ষিপ্ত হয়েছেন। শুক্রবার সকালে ময়নাগুড়ি রেলগেটের কাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অন্নদা রায়ের দেহ। তার পরিবারের অভিযোগ, এনআরসি আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। রাজ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনআরসি আতঙ্কে মৃত্যুর খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই তিনি এদিন মৃত ব্যক্তিদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।