পটুয়াখালীর সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শুরু হয়েছে ৭২ ঘণ্টার ধর্মঘট। রবিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর রাতে পটুয়াখালী শহরের সেন্ট্রাল হাসপাতালে হামলা, ভাঙচুর এবং পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমানকে হত্যার হুমকির ঘটনায় এই ধর্মঘট ডাকা হয়।
গত ১৮ সেপ্টেম্বর পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দেয় বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশন, পটুয়াখালী ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং জেলা ক্যামিস্ট্র ও ড্রাগিস্ট সমিতি।
অন্দোলনকারীদের সূত্রে জানা যায়, এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। আইনি সহায়তা না পাওয়ার অভিযোগে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে।
আইনি সহায়তা না পেলে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে লাগাতার ধর্মঘট পালন করা হবে বলেও জানান তারা।
এদিকে অধিকাংশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সেবা প্রদান না কারার কারণে সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।