দুদুর বিরুদ্ধে রংপুরে মামলা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রংপুরে মামলা দায়ের করেছে এডিশনাল পিপি আইনজীবী আব্দুস সাত্তার।

রোববার  দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এ মামলা হয়েছে।

মামলার বিবরণীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দণ্ডবিধি ৫০৬ (২) ধারার বিধানমতে হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। 

এতে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি’র 'রাজকাহন' টক-শোতে শামসুজ্জামান দুদু ঠাণ্ডা মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মিথ্যা ও উস্কানিমূলক আলোচনার এক পর্যায়ে সরকার পরিবর্তনে বিএনপির কৌশলের ব্যাপারে সঞ্চালকের প্রশ্নের জবাবে বলেন, ‘যেভাবে শেখ মুজিবকে বিদায় দেওয়া হয়েছে-সেভাবে শেখ হাসিনার বিদায় হবে। 

অভিযোগে বলা হয়, বিএনপি নেতার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হত্যার ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। যা সরাসরি হত্যার হুমকি ও দণ্ডবিধি ৫০৬ (২) ধারা মতে একটি অপরাধ।

এদিকে মামলা দায়ের শেষে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, আমরা শংকিত। ক্ষমতার লোভে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে যেভাবে স্বাধীনতাবিরোধী চক্রের আঁতাতে স্বপরিবারের হত্যা করা হয়েছে। একইভাবে বিএনপি আজ বঙ্গবন্ধু কন্যাকে হত্যার ছক আঁকছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মিডিয়ায় তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের এক আইনজীবী মামলা করেছেন। হুমকিদাতার বিরুদ্ধে আদালত আইনি ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।