রোগীদের মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ায় বিক্ষোভ

নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন চার রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার প্রতিবাদে গত শনিবার রাতে বিক্ষোভ করেছেন রোগীদের স্বজনরা।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রবিবার বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন রোগীর স্বজন ও এলাকাবাসী। পরে তারা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করে দুপুর দুইটা পর্যন্ত বিক্ষোভ করেন। রোগীর স্বজনরা জানান, শনিবার রাতে চার রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু শফি মাহমুদ বলেন, ‘এটি একটি বড় ভুল। আমি জানার পর তাৎক্ষণিক হাসপাতালে এসে রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। ওই পাঁচ রোগীই সুস্থ আছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে রাত থেকে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। রবিবার সকালে রোগীর স্বজনরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

নীলফামারী সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ বলেন, ঘটনা তদন্তে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।