নরসিংদীর শিবপুরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে দুটি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে গেছে। গত শনিবার রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে মৎস্য ব্যবসায়ী রতন চন্দ্র বর্মণের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রতন চন্দ্র বর্মণ চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। এক সপ্তাহ আগে রতনের ভাই গশেশ বর্মণের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। এর কিছুদিন পরে ফোনে রতনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। টাকা না দিলে তার পুকুরেও বিষ প্রয়োগ করা হবে বলে হুমকি দেয়। রাজি হলে টাকা নিয়ে উপজেলার একটি ঈদগাহ মাঠে যাওয়ার জন্য বলে। রতন পুলিশের সহযোগিতায় টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে গেলে টাকা নিতে কেউ আসেনি। কিন্তু সকালে পুকুরে গিয়ে দেখা যায় পুকুরের সব মাছ ভেসে রয়েছে। রতন চন্দ্র বর্মণ বলেন, ধারদেনা করে ১৫ লাখ টাকা ব্যয়ে পুকুরে মাছ চাষ করেছি। চাঁদা না পেয়ে গতকাল (শনিবার) রাতে পুকুর দুটিতে বিষ প্রয়োগ করলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এক মাস পর মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত। আমি নিঃস্ব হয়ে গেছি।