বাড়ি তৈরি ও ফ্ল্যাট কেনার ঋণে সুদহার ১ শতাংশ কমিয়েছে সরকারি সংস্থা হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। উপজেলা সদর, উপজেলা সদরের আশপাশ এলাকা (পেরি আরবান) এবং উপজেলার যেকোনো সমৃদ্ধ এলাকায় (গ্রোথ সেন্টার) কৃষক আবাসন ঋণের সুদ এখন ৭ শতাংশ।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়া দেশের যেকোনো এলাকায় পল্লী আবাসন ঋণ, প্রবাসবন্ধু ঋণ, আবাসন উন্নয়ন ঋণ এবং আবাসন মেরামত ঋণের সুদের হার এখন ৮ শতাংশ, যা আগে ছিল ৮ দশমিক ৫০ শতাংশ।
বিএইচবিএফসি গত ১২ সেপ্টেম্বর সুদের হার কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ঋণ ১ জুলাইয়ের আগে মঞ্জুর হয়েছে, কিন্তু ঋণ বিতরণের প্রক্রিয়া ১ জুলাইয়ের পর চলমান ছিল বা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত আগের এবং ১ জুলাইয়ের পর থেকে নতুন সুদহার কার্যকর হবে।
আরও বলা হয়েছে, নতুন হারের সুযোগ নিতে গেলে গ্রাহকদের সব কিস্তি হালনাগাদ থাকতে হবে। কোনো গ্রাহক হালনাগাদ না থাকলে যে তারিখে হালনাগাদ হবেন, তার পরের মাস থেকে তার ঋণের ক্ষেত্রে নতুন সুদহার কার্যকর হবে।