কুমিল্লায় শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেছেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা।

সোমবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনি মামলাটি করেন। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতে এ মামলার শুনানি হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী দোলন বলেন, মামলার শুনানি হয়েছে। আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা তার অভিযোগে বলেন, গত ১৭ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন। এতে জনগণের মাঝে ভয় ও ভীতিকর অবস্থা তৈরি হয়েছে।

এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে প্রধানমনন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। শামসুজ্জামান দুদুর এই বক্তব্যও হত্যাচেষ্টার শামিল। তাই আমরা এই মামলা দায়ের করেছি। আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।

মামলার বাদী বলেন, আমি একজন দেশপ্রেমী স্বাধীনতা ও মুক্তিযোদ্ধে বিশ্বাসী সুশীল নাগরিক হিসাবে সংক্ষুব্দ হয়ে আমার সাংবিধানিক দায়বদ্ধতা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার সার্থে ও রাষ্ট্রকে বিশৃঙ্খল হওয়ার আশংকা হতে সুরক্ষা দিতে অত্র আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এই মামলা দায়ের করেছি।

মামলার আইনজীবী অ্যাডভোকেট দোলন বলেন, দুদু রাষ্ট্রদ্রোহিতা করেছেন। আশা করছি বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।