‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী

মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের জন্য তিনি এই স্বীকৃতি পেলেন।

সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বব্যাপী টিকা দান সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই) স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করে।

জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলার নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেই শেখ হাসিনা তা বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করেন।

তিনি বলেন, “আজ যে পুরস্কার গ্রহণ করলাম সে পুরস্কার আমার নয়। এটা বাংলাদেশের জনগণের এবং আমি তাদেরই এই পুরস্কার উৎসর্গ করলাম।”

প্রধানমন্ত্রী একই সঙ্গে দেশবাসীর প্রতি তাদের শিশুদের সুস্বাস্থ্যের জন্য টিকা দান কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন,“আগামীর শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে দেশ পরিচালনা করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সুস্বাস্থ্যের অধিকারী প্রজন্মের অত্যন্ত প্রয়োজন।”

শেখ হাসিনা বলেন, “দেশ থেকে পোলিও, কলেরাসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি দূর করা হয়েছে এবং এই বিষয়ে ‘জিএভিআই’র সহযোগিতা আমরা পাচ্ছি।”

এ প্রসঙ্গে তিনি রূপকল্প ২০২১ এবং ২০৪১ অনুযায়ী সকলের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা ও পরিপূর্ণ পুষ্টি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে একটি সাইটেশন পাঠ করেন। ‘জিএভিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ বার্কলে ও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

আরও ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরা।