ক্রিস্টিয়ানো রোনালদো, ভার্জিল ফন ডাইককে টপকে এবারের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতে বেশ উচ্ছ্বসিত বার্সেলোনা তারকা লিওনেল মেসি। ‘অনেক দিন’ পর ব্যক্তিগত পুরস্কার জিতে খুব ভালো লাগছে বলে জানালেন সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতলেন মেসি। সোমবার রাতে ইতালির মিলানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পুরস্কারটির জন্য বার্সেলোনা অধিনায়কের নাম ঘোষণা করা হয়। এর আগে ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে সব পুরস্কার জিতলেও এই পুরস্কার প্রথমবার জিতলেন মেসি। এক মৌসুমে গোল্ডেন বুট, পিচিচি ট্রফি ও ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জেতার অনন্য নজির গড়লেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
ব্যালন ডি’অর থেকে সরে গিয়ে বর্ষসেরা ফুটবলারের জন্য ২০১৬ সাল থেকে ‘দ্য বেস্ট ফিফা’ পুরস্কার চালু করে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। পুরস্কারটি প্রথম দুইবার ঘরে তোলেন রোনালদো। গেলবার জিতেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। এই কয়েক বছরে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিগত অর্জন ছিল না মেসির।
প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা’ পুরস্কার জিতে উচ্ছ্বসিত মেসি বলেন, “অনেক দিন হলো ব্যক্তিগত পুরস্কার জেতা হয়নি। তাই পুরস্কারটি পেয়ে ভালো লাগছে।”
“অনেকদিন হয়ে গেল ব্যক্তিগত পর্যায়ে কোনো পুরস্কার জিতেনি। প্রথমবার এই পুরস্কার জিতলাম। এটা পেয়ে ভালো লাগছে।”
“আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার কাছে দলীয় পুরস্কারগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আজকের রাতটা আমার জন্য খুবই বিশেষ।”