এক আরোহীর ব্যাগ থেকে আম চুরি করার অভিযোগে বিমানবন্দরের এক ভারতীয় তরুণকে আটক করে আরব আমিরাত কর্তৃপক্ষ। তিনি বিমানবন্দরের শ্রমিক বলে জানা গেছে।
সোমবার দুবাইয়ের একটি আদালত ওই শ্রমিককে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে।
খালিজ টাইমস জানায়, ২০১৭ সালের আগস্টে দুবাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এক বিমান আরোহীর ব্যাগ থেকে দুইটি আম চুরি করে ২৭ বছর বয়সী ওই ভারতীয় শ্রমিক।
আম দুইটির মূল্য ছয় দিরহাম হলেও দেশ ছাড়ার আগে তাকে ৫ হাজার দিরহাম জরিমানা দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ১৫ হাজার টাকারও বেশি।
চুরির ঘটনাটিতে সিসিটিভিতে ধরা পড়ার পর এক তদন্তে নিজের দোষ স্বীকার করেন অভিযুক্ত তরুণ। তিনি দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে কাজ করতেন। কনটেইনার থেকে কনভেনার ভেল্টের মাধ্যমে আরোহীর ব্যাগ লোড করাই ছিল তার দায়িত্ব।
এই ভারতীয় তরুণ আদালতে স্বীকার করেন, পিপাসার্ত হয়ে পানি খুঁজতে গিয়ে এক আরোহীর ফ্রুট বক্স থেকে তিনি ওই দুইটি আম চুরি করেন।
এক নিরাপত্তা কর্মকর্তা সিসিটিভি ক্যামেরায় দেখতে পান, ওই ভারতীয় শ্রমিক আরোহীর ব্যাগ খুলছে। এরপর তাকে আটক করা হয়। তবে তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।