ভারতে বিদেশ থেকে যে পরিমাণ লোক যায়, তার মধ্যে বাংলাদেশের মানুষের সংখ্যা বেশি উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বলেছেন, গত বছর আমরা ১৫ লাখ ভিসা দিয়েছি।
আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ ভারতের সম্পর্ক যাতে আরও গভীর হয় সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।’
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার দীপ্ত জীবন হাসপাতালে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
পরে দীপ্ত জীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলীর সঞ্চালনায় দীপ্ত জীবন হাসপাতালের সৌজন্যে ৬টি হুইল চেয়ার ও ১৫টি সেলাই মেশিন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি রিভা গাঙ্গুলি দাশ। বিগত ৫ বছর ধরে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করে আসছে এই দীপ্ত জীবন হাসপাতাল। এই হাসপাতালের অধীনে দুটি প্রতিবন্ধী স্কুল ও একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করা হয়।
এর আগে বেলা ১২ টায় দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন শেষে কান্তজিউ মন্দির পরিদর্শন করেন রিভা গাঙ্গুলি। এছাড়া সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) নবনীতা চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবদিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সার্কেল এসপি সুশান্ত সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন প্রমুখ।