বরিশালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ বরু নামে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের  নাজের আলীর স্ত্রী।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ১০জনসহ বরিশাল বিভাগে এ পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল। 

শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, জ্বরে আক্রান্ত সৈয়দ বরু সোমবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে শেরে-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬ জনসহ মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৬৭ জন রোগী।

গত ১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪২৮জন রোগী। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৫১ জন। মারা গেছেন ১০জন।

অপরদিকে ব‌রিশাল বিভা‌গের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ২৪ জন ডেঙ্গু রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১৭৩ জন। এ পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৫৫৬ জন। সুস্থ হ‌য়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩৬৮জন।