বাবার অনুরোধে ইয়াবা কারবারি ছেলে গ্রেপ্তার

পঞ্চগড়্রে তেঁতুলিয়ায় চিহ্নিত ইয়াবা কারবারি রাসেল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে  ভজনপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, রাসেল বাংলাবান্ধা স্থলবন্দরে তার বাবার পাথর আমদানির ব্যবসা পরিচালনা করে। এই সুযোগে সে ফেনসিডিল, গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসাও চালাত।

তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম জানান, রাসেলের বাবা এর আগে বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার অনুরোধ জানায়। তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি অভিযানও হয়। কিন্তু সে পালিয়ে যায়। সবশেষে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেলসহ তার ৩ জন সহযোগীকে আসামি করে গতকাল মঙ্গলবার মামলা করা হয়েছে। অন্য আসামিরা হলেন একই এলাকার মামুন (২৫), শাকিরুল (২৩), আরিফ (২০)। 

রাসেলের বাবা তফিজুল ইসলাম জানান, ‘রাসেল কীভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে তা জানি না। তবে তাকে এসব অনৈতিক কাজ থেকে বিরত রাখার জন্য পারিবারিক উদ্যোগ নেওয়া হয়। তারপরও সে বিরত না হওয়ায় পুলিশকে অনুরোধ করি।’