রান্নাঘরে ৫৫ কোটি টাকার চিত্রকর্ম

ফ্রান্সের রাজধানী প্যারিস শিল্পের বহুমাত্রিকতার জন্য দীর্ঘদিন ধরেই বিখ্যাত। ফরাসি রেনেসাঁর আঁতুড়ঘর বলা হয় শহরটিকে। এ শহরের কাছেই এক বয়োবৃদ্ধ নারীর রান্নাঘরে প্রায় অযত্নে অবহেলায় ছিল রেনেসাঁ সময়কালীন প্রভাবশালী চিত্রকর চিমাবুয়ের একটি মাস্টারপিস। চিমাবুয়েকে তৎকালীন সময়ে চেন্নি ডি পেপো নামেও ডাকা হতো। ১৩ শতকে আঁকা ‘ক্রাইস্ট মকড’ শিরোনামের ওই চিত্রকর্মটি একটি সিরিজ চিত্রকর্মের অংশ ছিল। বিবিসি বলছে, আগামী ২৭ অক্টোবর চিত্রকর্মটি নিলামে তোলা হতে পারে। আর এর দাম ধরা হতে পারে ৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৯৫৪ টাকা)। বয়োবৃদ্ধ ওই নারী চিত্রকর্মটিকে এতদিন তার ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে ঝুলিয়ে রেখেছিলেন রান্নাঘরে। এই চিত্রকর্মের মূল্য কত হতে পারে সেই ধারণাও ছিল না তার। বিশেষজ্ঞরা বলছেন, চিত্রকর্মটি যে আসল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইনফ্রারেড লাইট ব্যবহার করে কয়েক দফায় চিত্রকর্মটিকে পরীক্ষা করে দেখা হয়েছে যে, এটি সত্যিই চিমাবুয়ের আঁকা কি না।

চিমাবুয়ের চিত্রকর্মে বাইজানটাইন সময়ের প্রভাব চোখে পড়ার মতো। তৎকালীন সময়ে কাঠের প্যানেল ও চিত্রকর্মটিকে সোনালি রঙের পটভূমিতে আঁকা হতো। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ওই সিরিজের আরও দুটি চিত্রকর্ম দেখতে পাওয়া যায়। ধারণা করা হয়, চিমাবুয়ে কোনো গির্জার জন্য ওই সিরিজ চিত্রকর্মটি এঁকেছিলেন।