বাংলাদেশে অফিস খুলবে না ফেইসবুক

বাংলাদেশে কোনো অফিস খোলার পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে জানালেন ফেইসবুকের ভারত ও দক্ষিণ এশিয়াবিষয়ক পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ থাকরাল। একই সঙ্গে বাংলাদেশে ফেইসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কোন দেশে ফেইসবুক অফিস স্থাপন করবে তা ফেইসবুকের বৈশ্বিক নীতির বিষয়। অনেক দেশেই ফেইসবুকের অফিস আছে, তবে সব দেশে নেই। বাংলাদেশেও ফেইসবুকের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।

গত সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে অফিস স্থাপনের প্রস্তাব দেওয়া হলে ফেইসবুক তাতে রাজি হয়নি বলে ওইদিন কমিশনের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। এ বিষয়ে গতকাল জানতে চাইলে শিবনাথ তা নিশ্চিত করেন।

চলতি অর্থবছরের বাজেটে ফেইসবুকের বিজ্ঞাপনের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অফিস স্থাপন না করলে ভ্যাট কীভাবে পরিশোধ করবে ফেইসবুক এমন প্রশ্নের জবাবে শিবনাথ বলেন, বিষয়টি নিয়ে এনবিআর ও বিটিআরসির সঙ্গে আলোচনা চলছে। ফেইসবুক প্রত্যেকটি দেশের নিজস্ব আইন মেনে ব্যবসা পরিচালনা করে থাকে। 

বাংলাদেশের ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে নেওয়াবিষয়ক এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের কিছু কর্মী আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করে। বাংলাদেশে বিদ্যমান আইন ও ফেইসবুকের নীতি মেনে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা হয়। গত দু’বছর ধরে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ফেইসবুকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বাংলাদেশে ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে এনআইডি ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব সম্পর্কে শিবনাথ বলেন, ফেইসবুকের অ্যাকাউন্ট খোলার সিস্টেম খুবই শক্তিশালী। সেখানে ভুয়া অ্যাকাউন্ট খুললে তা সহজেই ধরা পড়ে। যদি আইন-শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের কাছে জানতে চায়, তখন আমরা দ্বিতীয়বার ওই অ্যাকাউন্টটি যাচাই করি।

অনুষ্ঠানে ফেইসবুকের কনটেন্টবিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি ফেইসবুক প্ল্যাটফর্মের নিরাপত্তাবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ফেইসবুকে ভুয়া তথ্য ছড়ানোসহ ঘৃণাসূচক বক্তব্য, সহিংসতাকে উসকে দেয় এমন স্ট্যাটাস, নগ্নতা, যৌন হয়রানি, গ্রাফিক ভায়োলেন্সসহ বিভিন্ন ধরনের স্ট্যাটাস ডিলিট করতে তাদেও ৩০ হাজার কর্মী কাজ করছেন, যার মধ্যে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের বাংলাভাষীও রয়েছেন।  কিছু স্ট্যাটাস আপলোডের সময়ই চিহ্নিত করে তা আপলোডে বাধা দেয় ফেইসবুক।  বাকিগুলো আপলোডের কয়েক মিনিটের মধ্যেই ফেইসবুকের সিস্টেমে ধরা পড়ে।  তবে আমরা ‘পারফেক্ট’ নই, কিছু ক্ষেত্রে এখনো উন্নয়নের চেষ্টা চলছে। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেইসবুকের সহায়তা নিয়ে সফল হয়েছে।

ফেইসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ইনফোর্সমেন্ট রিপোর্টের তথ্য তুলে ধরে রেড্ডি জানান, গত জানুয়ারি-মার্চ সময়ে মোট গ্রাফিক ভায়োলেন্সের ৯৮ দশমিক ৯ শতাংশ, প্রাপ্ত বয়স্কদের নগ্নতা ও যৌনতাবিষয়ক ৯৬ দশমিক ৮ শতাংশ, সন্ত্রাসী গুজব ছড়ানো স্ট্যাটাসের ৯৯ দশমিক ৩ শতাংশ, ঘৃণা ছড়ানো স্ট্যাটাসের ৬৫ দশমিক ৪ শতাংশ, ভুয়া অ্যাকাউন্টের ৯৯ দশমিক ৮ শতাংশ, হয়রানিমূলক স্ট্যাটাসের ১৪ দশমিক ১ শতাংশ এবং শিশুর নগ্নতা ও যৌনতাবিষয়ক স্ট্যাটাসের ৯৯ দশমিক ২ শতাংশ অন্য কোনো ব্যবহারকারী রিপোর্ট করার আগেই চিহ্নিত করে তা মুছে দিয়েছে ফেইসবুক।