এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশ নেবে ৮ দেশ

এশিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এতে ১৩০টি স্টলে অংশ নেবে এশিয়ার বিভিন্ন দেশের ১৫০ প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলার আয়োজক কমিটির সভাপতি মহিউদ্দিন হেলাল বলেন বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন অংশ নিচ্ছে এবারের মেলায়। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া যাবে বিনামূল্যের টিকিট। মেলায় আসন্ন পর্যটন মৌসুমে দেশ-বিদেশ ভ্রমণের আকর্ষণীয় অফার, হোটেল বুকিং, রিসোর্ট ও প্যাকেজ বুকিংয়ে বিভিন্ন ছাড়ের  ঘোষণা থাকছে। এছাড়া থাকবে বিভিন্ন  হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিম পার্কসহ বিনোদনের আরও বিভিন্ন প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক আবদুস সামাদ, বিমসটেক সচিবালয়ের পরিচালক দামারু বাল্লাবা পাউডেল, ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের তৃতীয় সচিব মুন্নি নায়ারিস্তি, ট্যুর অপারেটর অব বাংলাদেশ-টোয়াবের সভাপতি  তৌফিক উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।