আইন ভাঙলেও আদালত আ. লীগের দিকে নজর দিচ্ছে না : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) লঙ্ঘন করে ছাত্রলীগের কমিটিতে হস্তক্ষেপ করেছে। কিন্তু আদালত আওয়ামী লীগ, ছাত্রলীগের দিকে নজর দিচ্ছে না। বরং তারা বিএনপি ও ছাত্রদলকে নিয়ে পড়ে আছে। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল ও কমিটি গঠন আইনসিদ্ধভাবে হয়েছে। আদালত নিরপেক্ষ ও স্বাধীন হলে গঠনতন্ত্র ভঙ্গ এবং দস্যুবৃত্তিক কর্মকান্ড আমলে নিয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করার নির্দেশ দিত। আওয়ামী লীগের হাইকমান্ডকে শোকজ করত। মিডনাইট ভোট ডাকাতির পর অবৈধ নির্বাচন ও ভুয়া সরকারকে বাতিল ঘোষণা করত। তা না করে আদালত ছাত্রদলের কাউন্সিলকে বানচাল করার চেষ্টা করছে। এখন আদালত ক্ষমতাসীনদের অশুভ ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছে। দেশের জনগণ বিচার চেয়েও পাচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, মানুষ বছরের পর বছর আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছে। অথচ ছাত্রদলের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হুটহাট মামলার রায় বের করে নিয়ে আসতে এক ঘণ্টা সময় লাগেনি। আদালতের নিষেধাজ্ঞা দেখে দেশের জনগণ মনে করছে আইনশৃঙ্খলা বাহিনীর মতো আদালতও সরকারের বিশ্বস্ত হাতিয়ারে পরিণত হয়েছে।