মোদিকে ‘ভারতের জনক’ না মানলে সে ভারতীয় নয়: বিজেপি মন্ত্রী

ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করেছেন ‘ফাদার অব ইন্ডিয়া’। তার এ বক্তব্যের পক্ষে সুর মেলালেন ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীও। 

জি নিউজ জানায়, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, “যদি মোদিকে এই সম্মান না দিতে পারেন, তাহলে তাকে ভারতীয় বলেই ধরা হবে না।”

এ বিজেপি নেতার ভাষ্য, “বিদেশ বিভুঁইয়ে মানুষ ভারতীয় হিসেবে নিজেকে গর্ববোধ করেন। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমা।”

ট্রাম্পের দাবির পক্ষে জিতেন্দ্র সিং বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর জন্য এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের শব্দ প্রয়োগ করলেন। যদি কেউ এতে গর্ব অনুভব না করেন, তা হলে তাকে ভারতীয় বলা যায় না।”

রবিবার যুক্তরাষ্ট্রে হাউডি মোদি অনুষ্ঠান চলাকালীন মোদির প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “মতবিরোধ, বাধা বিপত্তি সরিয়ে দেশের মানুষকে এক জায়গায় আনতে সক্ষম হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পিতার মতোই এই কাজ করেছেন তিনি। তাকে ভারতের জনক বলতেই পারি।”

তবে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যে তীব্র সমালোচনা করে কংগ্রেস।