জাল সনদ তৈরির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে জাল সনদ, জন্ম-নিবন্ধন ও ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে এক প্রতারককে চার মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার বোড়ারচর বাজারে জালিয়াতির মাধ্যমে এসব সনদ প্রদানকারী প্রতিষ্ঠান মা গ্রাফিক্স অ্যান্ড ইন্টারনেট সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের পরিচালক আবু মুছাকে (২৪) এ দণ্ডাদেশ দেওয়া হয়। দারোরা ইউনিয়ন পরিষদের সচিব নাঈম সরকার জানান, ২২-২৪ সেপ্টেম্বর দারোরা ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ভোটার হতে আসা অনেকের জন্ম নিবন্ধনের কপি দেখে আমাদের সন্দেহ হয়। পরে আমরা অনলাইনে যাচাই করলে এসব নিবন্ধন অনলাইনে পাওয়া যায়নি এবং তা জাল হিসেবে প্রমাণ হয়। আটক আবু মুছার জাল সনদ তৈরিতে ব্যবহৃত দুটি কম্পিউটার জব্দ করা হয়।