মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগবিন্দপুর এলাকা থেকে বুধবার রাত ৮টার দিকে মোহাম্মদ সাকিব (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা।
সাকিব কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাবার নাম মোহাম্মদ আব্দুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাকিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে খোয়াজপুর এলাকায় হাঁটাহাঁটি করছিল সাকিব। এ সময় তার চলাফেরা সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশের বিশেষ শাখার সদস্যদের জানায়। পরে ওই এলাকায় জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মওলার নেতৃত্বে সাকিবকে চরগবিন্দপুর এলাকার ৩নং ব্রীজ ওপর থেকে আটক করা হয়।
এরপর তার পরিচয় জানতে চাইলে প্রথমে পরিচয় গোপন করলেও পরে জানায়, কয়েকদিন আগে সে কক্সবাজারের টেকনাফ থেকে গাড়িতে করে ঢাকায় আসে। পরে খোয়াজপুর এলাকার এক যুবক সাকিবকে কাজ দেওয়ার কথা বলে গত শনিবার মাদারীপুরে নিয়ে আসে। পরে ওই যুবক তাকে রেখে পালিয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল হান্নান বলেন, সাকিব নামে এক রোহিঙ্গা তরুণ গত চার দিন ধরে মাদারীপুরে অবস্থান করছিল। তাকে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা আটক করেছে। সদর থানা-পুলিশের মাধ্যমেই সাকিবকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মাদারীপুর শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে মো. জয়নাল (১৬) নামে আরো এক রোহিঙ্গা কিশোরকে আটক করে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা।