চাঁদপুরে গুঁড়িবোঝাই ট্রলারডুবি, মাঝি নিখোঁজ

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় গাছের গুঁড়িবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা কাঠব্যবসায়ী আলমগীর হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও মাঝি মফিজ মিয়া নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মফিজ মিয়া (৩১) শরীয়তপুর জেলার বালাকান্দি গ্রামের বাসিন্দা। আলমগীর একই জেলার সখীপুরের দ্বীন ইসলামের ছেলে।

এ ঘটনায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে উদ্ধার অভিযানে নামেন। কাঠব্যবসায়ী আলমগীর হোসেন ও নৌপুলিশ জানান, গতকাল সকালে গাছের গুঁড়িবোঝাই একটি স্টিলের ট্রলার নিয়ে শরীয়তপুর থেকে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশে রওনা দেন। এ সময় পদ্মামেঘনা-ডাকাতিয়া নদীর সংযোগস্থলে মোলহেডের ঘূর্ণিতে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে থাকা ব্যবসায়ী আলমগীর হোসেন গাছের গুঁড়ি ধরে সাঁতরে তীরে উঠতে পারলেও মাঝি মফিজ ডুবে যান।