১৩ বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘ইনডেমনিটি’

দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় একযোগে মঞ্চায়িত হতে যাচ্ছে নাটক ‘ইনডেমনিটি’। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত থাকবেন। এই আয়োজনটি করছে ওয়ান বাংলা। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং হত্যা পরবর্তী ইনডেমনিটি অধ্যাদেশের প্রেক্ষাপটে রচিত হয়েছে ‘ইনডেমনিটি’ নাটকটি। এটি লিখেছেন নাট্যকার মান্নান হীরা। নাট্যকার মান্নান হীরা বলেন, ‘এ নাটকটি লিখতে বসে আমি নিজেকে প্রথমে অপরাধী ভেবেছি, এমন একটি সত্য, নির্মম, নৃশংস কালো অধ্যায় নিয়ে আরও আগেই লিখিনি কেন? যে ইতিহাস আমারই মাটিতে ঘটেছে, রক্তাক্ত হয়েছে আমার ভূমি, জল ও জননী। আমার বিশ্বাস, ভবিষ্যতে নিশ্চয়ই ইনডেমনিটি আইন নিয়ে অনেক বড় শিল্পকর্ম নির্মাণ হবে।’

আয়োজকরা জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ‘ইনডেমনিটি’র বিষয়টা এখনো অনেক মানুষের কাছে ভুল উপস্থাপন করা হয়। অনেকের কাছেই এ কালো অধ্যায়টি এক অজানা ইতিহাস। তাই নাটকের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হবে। চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, কৃষি, কাজী নজরুল ইসলাম বিশ্বাবিদ্যালয়, কুমিল্লা, বরিশাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, বেগম রোকেয়া, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ করা হবে নাটকটি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নাটকটি মঞ্চস্থ করছে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। সংগঠনটির সভাপতি নাজমুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকেল সাড়ে ৪টায় নাটকটির প্রদর্শনী হবে। চট্টগ্রাম বি্শ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে নাটক প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।