এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে আটকে দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ভারতীয় ফুটবল দল। ‘ই’ গ্রুপে নিজেদের পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটির আগে পুরো দলকে ফিট থাকার নির্দেশ দিয়েছেন কোচ ইগর স্টিম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার ২৯ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন ভারতীয় কোচ। ১৫ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচ। যার জন্য কোমর বেঁধে নামতে চাইছেন ক্রোয়েশিয়ান কোচ স্টিম্যাচ।
২৯ জনের সম্ভাব্য দলে যারা রয়েছেন তাদের প্রস্তুতি শিবিরের জন্য ৩ অক্টোবর গোহাটিতে যোগ দিতে হবে। দল নিয়ে স্টিম্যাচ বলেন, “এই সপ্তাহের শেষের মধ্যে এই দল থেকে চারজন বাদ যাবে।”
“এই ২৯ জনকে সাময়িকভাবে বেছে নেওয়া হয়েছে। কয়েকজনকে নিয়ে এখনো সংশয় রয়েছে। হালকা চোট রয়েছে কয়েকজন খেলোয়াড়ের। কাতারের থেকে বাংলাদেশ ম্যাচ একদম আলাদা হবে। আমাদের সব ফিট প্লেয়ার লাগবে। ম্যাচের জন্য তৈরি থাকতে হবে।”
ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বে ভারতীয় সমর্থকদের জয়ের আমেজে ভাসাতে চান ভারতীয় কোচ, “আমার আশা যুবভারতী পুরো ভর্তি থাকবে। কলকাতার ফুটবলপ্রেমীরা কোয়ালিফায়ারে প্রথম জয়ের জন্য খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে।”
ভারত এখন পর্যন্ত দুই ম্যাচ থেকে এক পয়েন্টই পেয়েছে। ঘরের মাঠে ওমানের কাছে ২-১ গোলে হারের পর কাতারের সঙ্গে ড্র করে তারা।
অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে একটি ম্যাচ। তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে হেরে জেমি ডে’র দল আছে ‘ই’ গ্রুপের তলানিতে।