মধুখালীতে আগুনে পুড়ল পাটের গুদামসহ ৮ দোকান

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী মৃধা বাজারে একটি পাটের গুদামসহ ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ২টার দিকে টইলরত পুলিশ বাজার এলাকায় এসে বাচ্চুর পাটের গুদাম ঘরে আগুন দেখতে পায়। মধুখালী ফায়ার সার্ভিস ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে ৮টি দোকান আগুনে পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত মালিক শফিউল আলম মোল্যা জানান, তার ২টি ওয়ার্কশপ ও কাঠ সাইজ করার মেশিন পুড়ে গেছে। এছাড়াও শুশান্ত কুমারের ফার্নিচারের দোকার, ইছাক মোল্লার ফার্নিচারের দোকান, আকাশ ও রাসেল মিয়ার গার্মেন্টস (কাপড়ের) এর দোকান, সৌরভ মোল্যার স্যানিটারি দোকান এবং বাচ্চু শেখের পাট গুদাম পুড়ে গেছে।