কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে আজিম মন্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ আবু বক্কর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
এ সময় আব্দুল মজিদের সমর্থক হিসেবে পরিচিত আজিম মন্ডলকে প্রতিপক্ষের লোকজন স্থানীয় একটি গোরস্থানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় উভয়পক্ষের আরও ৫জন আহত হয়।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষ বাধলে ধারালো অস্ত্রের আঘাতে আজিম নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।