লা লিগার নতুন মৌসুমে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। ২৬ অক্টোবর স্পেনের শীর্ষ লিগে ‘এল ক্লাসিকো’ খ্যাত লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো অক্টোবরে হবে, তা জানা গিয়েছিল আগেই। বুধবার দিনক্ষণ ঠিক করে দিল লা লিগা কর্তৃপক্ষ। মর্যাদার এ মহারণ ভক্তরা এবার প্রথম দেখতে পাবে ২৬ অক্টোবর, বুধবার। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল ও বার্সেলোনার মধ্যকার লড়াইয়ের দিন দুই ভাগে ভাগ হয়ে যায় পুরো বিশ্বের ফুটবল সমর্থক।
মৌসুমের প্রথম ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠ কাম্প ন্যুতে স্বাগত জানাবে লা লিগার গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
গত বছরের ফেব্রুয়ারি পর একবারো মুখোমুখি হয়নি দল দুটি। সবশেষ দুই ক্লাসিকো লড়াইয়ে জয় পেয়েছিল বার্সেলোনা।
মাত্র চার দিনের ব্যবধানে দুটি ক্লাসিকোর উত্তাপ উপভোগ করেছিল ফুটবল সমর্থকরা। প্রথমটিতে ৩-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছিল বার্সেলোনা। দ্বিতীয়টিতে লা লিগায় ১-০ গোলে জয় পেয়েছিল এরনেস্তো ভালভেরদের দল।