চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

কোতালের বাগ এলাকার আবুল হোসেন চৌধুরীর ছেলে হায়াত আলীর দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টায় ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম কাজল ও তার সহযোগী অপুসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন হায়াত আলীর কোতালেরবাগ এলাকার বাড়িতে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে মারধর করে। এ সময় আসামিরা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হায়াত আলী ফতুল্লা মডেল থানায় জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম কাজল ও তার সহযোগী অপুসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা করলে পুলিশ মঙ্গলবার রাতেই কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, চাঁদাবাজির মামলায় কামরুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।