উড়োজাহাজ দেখতে মাঠে যাওয়ায় শিক্ষার্থীদের পিটুনি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে উড়োজাহাজ দেখতে মাঠে যাওয়ায় প্রধান শিক্ষক তিন শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীচামারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে অভিভাবকরা এসে ওই শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে জেমি খাতুনের বাবা লক্ষ্মীচামারী গ্রামের আলী আহম্মেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীচামারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। এ সময় দুটি উড়োজাহাজ উড়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা শ্রেণিশিক্ষকের অনুমতি নিয়ে সেগুলো দেখতে মাঠে গিয়ে দাঁড়ায়। তাদের মাঠে দেখতে পেয়ে প্রধান শিক্ষক জাকির হোসেন বেত নিয়ে এসে পেটানো শুরু করেন। এতে তিনজন শিক্ষার্থীর হাত ও অন্যান্য স্থানে কেটে রক্ত ঝরতে থাকে।

খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা এসে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে অফিস কক্ষে আটকে রাখেন। পরে ইউএনও আনোয়ার পারভেজ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে তারা বেলা সাড়ে তিনটার দিকে প্রধান শিক্ষককে ছেড়ে দেন। এ ঘটনায় আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক জাকির হোসেনের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার তার মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।