পার্বতীপুরে উচ্ছেদ ৫ করাতকল

দিনাজপুরের পার্বতীপুরে বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের আশপাশের এলাকা থেকে পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী। এ সময় তার সঙ্গে ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামছুজ্জামান, পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান ও মধ্যপাড়া বনবিটের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকসুদ আলী ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ।

মধ্যপাড়া বনবিটের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মোকছুদ আলী বলেন, এনামুল হক, ছয়ফার আলী, মোহাম্মদ আলী, ফয়জার আলী ও আবদুল কাদেরের মালিকানাধীন এ করাতকলগুলো ১৯৯৬-৯৭ সালে চালু করা হয়। বন বিভাগের চোরাই কাঠ ও টেন্ডারে পাওয়া কাঠ দিয়ে মিলগুলো চলছিল।