পবিপ্রবিতে আন্দোলনের মুখে ডিনের পদত্যাগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আ ক ম মোস্তফা জামান পদত্যাগ করেছেন।

বুধবার রাত সাড়ে ১০টায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ডিনের পদ থেকে তিনি পদত্যাগ করেন। সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপাচার্য-রেজিস্ট্রারসহ অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যসহ সব কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। রাত সাড়ে ১০টায় অধ্যাপক আ ক ম মোস্তফা জামান পদত্যাগ করলে শিক্ষার্থীরা অবস্থান তুলে নিয়ে যে যার হলে চলে যান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ডিনের পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন।

আইন ডিগ্রির দাবিতে পবিপ্রবির ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর উপাচার্য বরাবরে একটি স্মারকলিপি পেশ করে আন্দোলনে নামেন। ১০ সেপ্টেম্বর থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনসহ লাগাতার আন্দোলন শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবনে জরুরি বৈঠক ডাকে।