ঢাবিতে আহত ছাত্রদল নেতার অবস্থার অবনতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বাম পাশের কিডনিতে আঘাতপ্রাপ্ত হওয়ায় তার এ অবস্থা হয়েছে বলে গতকাল রাতে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম।

তিনি জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হামলায় আহত সোহেলসহ অন্যদের নিয়মিত খোঁজ রাখছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

২৩ সেপ্টেম্বর ছাত্রলীগের হামলায় আহত সোহেল গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে এজিএস পদপ্রার্থী ছিলেন। হামলায় ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহ নেওয়াজের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ছাত্রদল নেতা মো. ওমরের ডান হাতের কনুই ছিদ্র হয়ে গেছে। আরেক নেতা মো. কামরুল হাসপাতালে ভর্তি।