রিয়ালের ভিনিসিউস ‘বিশ্বের সেরা তরুণ ফুটবলার’

রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা স্বদেশি ভিনিসিউস জুনিয়রের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির সাবেক ডিফেন্ডার দানি আলভেস। তার মতে, তরুণ খেলোয়াড়দের মধ্যে ভিনিসিউস বিশ্বসেরা।

ক্লাব ফুটবলে বেশ কিছু দিন ধরে অন্যতম আলোচিত ফুটবলারের নাম ভিনিসিউস। মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে সিনিয়র পর্যায়ে ফুটবলে অভিষেক হয় তার। ক্লাবটির হয়ে দ্যুতি ছড়ানো আক্রমণভাগের এই খেলোয়াড়কে দ্রুতই চুক্তিবদ্ধ করে নেয় রিয়াল।

২০১৮ সালে চার কোটি ৬০ লাখ ইউরোয় রিয়ালে নাম লেখানো ভিনিসিউস ক্লাবটির হয়ে শুরু থেকেই সবার নজর কাড়েন। বুধবার ওসাসুনার বিপক্ষে জিনেদিন জিদানের দলের ২-০ ব্যবধানের জয়ে একটি গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিউস।

বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে আলভেসের কাছে জানতে চাওয়া হয়, বর্তমান ফুটবলে সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার কে? জবাবে ব্রাজিল অধিনায়ক বলেন, “আমি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের নাম বলতে চাই।”

স্বদেশি ১৯ বছর বয়সী ভিনিসিউসের প্রশংসা করে কিংবদন্তিতুল্য ফুলব্যাক আলভেস বলেন, “কিছু খেলোয়াড় আছে যারা প্রতিভা নিয়ে জন্মায়। নিশ্চিতভাবে, সে তাদের একজন। ব্রাজিল জাতীয় দলের তার খেলা দেখার সুযোগ হয়েছিল আমার। শিগগিরই তার ব্যাপারে আমরা অনেক কিছু দেখতে ও শুনতে পাব।”