কুড়িগ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাণিয়াপাড়া ভুষিটারী এলাকায় নিজ ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৃথক দুটি ঘরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, স্বামী নজরুল ইসলাম ম্যানাকে (৫২) চেয়ার-টেবিলে বসা অবস্থায় এবং স্ত্রী রুমী বেগমকে (৩৩) বিছানায় শায়িত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাত দু’টার পর কোনো এক সময় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এলাকার একাধিক সূত্রে জানা গেছে, ম্যানা ছিলেন একজন বড় দাদন ব্যবসায়ী। তার দুই স্ত্রীর মধ্যে হত্যাকাণ্ডের শিকার রুমী বেগম ছিলেন দ্বিতীয়। তাদের ৯ মাসের এক ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রী অন্য বাড়িতে দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে বাস করেন। বৃহস্পতিবার দ্বিতীয় স্ত্রী রুমি বেগমের কাছে ছিলেন নজরুল ইসলাম ম্যানা।

শুক্রবার সকাল ৮টার দিকে শিশুটি দীর্ঘক্ষণ কান্না-কাটি করছিল। তার কান্না শুনে প্রতিবেশীরা এসে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাদন ব্যবসার জেরে কারও সাথে বিরোধে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশ ও এলাকার মানুষজনের।

এ ব্যাপারে নাগেশ্বরী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল শেষে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।