সাভারে জমি দখলের অভিযোগ

বক্তব্য চাওয়ায় সাংবাদিককে মারধর ছাত্রলীগ নেতার

সাভারের আশুলিয়ায় এক সাংবাদিক ও প্রজন্ম লীগ নেতাকে মারধরের অভিযোগে থানা ছাত্রলীগের সভাপতি সামিউল আলম শামিমকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার আশুলিয়ার কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি ওবায়দুর রহমান জানান, কয়েক দিন আগে কুরগাঁও এলাকায় একটি জমি দখলের অভিযোগে থানা ছাত্রলীগ সভাপতি শামিমের বিরুদ্ধে জিডি করেন জমির মালিক। বিষয়টি জানার পর গতকাল শুক্রবার সকালে মাইটিভির সাংবাদিক আবদুল আল-ওয়াহিদকে নিয়ে তিনি সেখানে যান। এ সময় ছাত্রলীগ সভাপতির বক্তব্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তার নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ক্যামেরাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মাইটিভির সাংবাদিক আবদুল আল-ওয়াহিদ বলেন, কয়েক দিন আগে ছাত্রলীগ সভাপতি শামিম কামরুল হাসান নামে গকুল নগর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের ১০ শতাংশ জমি দখল করে নেন। এ ঘটনায় ওই শিক্ষক আশুলিয়া থানায় জিডি করেন এবং আমাকে বিষয়টি নিয়ে প্রতিবেদন করে দেওয়ার অনুরোধ জানান। আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, এক সাংবাদিক ও প্রজন্ম লীগের নেতাকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা ছাত্রলীগ সভাপতিকে আটক করা হয়েছে।