প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে থিয়েটার আর্ট ইউনিট। গতকাল শুক্রবার রাজধানীর নাটক সরণির মহিলা সমিতি মঞ্চে প্রথম দিনের আয়োজনে ছিল আলোচনা সভা এবং সোলায়মানের নির্দেশিত নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চায়ন।
আজ শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে স্মরণানুষ্ঠানের দ্বিতীয় দিনে এস এম সোলায়মান প্রণোদনা তুলে দেওয়া হবে। এ বছর এই সম্মাননা পাচ্ছেন জুলফিকার চঞ্চল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন কবি কামাল চৌধুরী।
স্মারক বক্তৃতা দেবেন ভারতের পশ্চিমবঙ্গের নাট্যগবেষক দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। থিয়েটার আর্ট ইউনিটের দলপ্রধান রোকেয়া রফিক বেবী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্মৃতিচারণ করবেন ঠা-ু রায়হান।
সরকার আমিনের ‘এ জার্নি বাই লাইফ’-এর প্রকাশনা
কবি সরকার আমিনের নতুন বই ‘এ জার্নি বাই লাইফ’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় বইটির প্রকাশনা অনুষ্ঠান হয় রাজধানীর বাংলামোটরের বিশ^সাহিত্য কেন্দ্রের সপ্তম তলায় চেইন বুক শপ ‘বাতিঘর’-এ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর হারুণ উর রশীদ, ড. সৈয়দ আকরম হোসেন, কবি কামাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, ফরিদ কবির, শোইয়াব জিবরান, রাজিব নূর, ওবায়েদ আকাশ প্রমুখ।
ড. আকরম হোসেন বলেন, ‘সরকার আমিনের বই প্রকাশের এই অনুষ্ঠানটিতে আসার উদ্দেশ্য হলো, কিছু সময় আনন্দে কাটানো। অনেকের সঙ্গে দেখা করা। বইটির নাম ‘জার্নি বাই লাইফ’। এখানে বোঝা যাচ্ছে বইটিতে কী থাকতে পারে।’
কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘সরকার আমিনের জীবনের নানা অংশ উঠে এসেছে বইটিতে। আমাকে নিয়েও সে এখানে লিখেছে। বইটি পড়ার মধ্য দিয়ে একটি জীবনের কিছু অভিজ্ঞতার সঙ্গে ভ্রমণ করা যাবে।’