আগামী মাসের শুরুর দিকে জার্মানি ও একুয়েডরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে দলে নেই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।
২৬ সদস্যের দলে জায়গা হয়নি আক্রমণভাগের অপর দুই তারকা ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো ও পিএসজিন আনহেল দি মারিয়ারও। জুন-জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তারা।
কোপা লিবের্তাদোরেসে সেমিফাইনাল থাকায় প্রীতি ম্যাচ দুটিতে রাখা হয়নি বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের খেলোয়াড়দের।
আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্সেনাল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। দলে ফিরেছেন উইঙ্গার এরিক লামেলা।
কোপা আমেরিকায় আয়োজকের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাস্তি হিসেবে মেসিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে ফিফার ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে।
এমনিতেও প্রীতি ম্যাচ দুটিতে খেলা হতো না মেসির। চোট কাটিয়ে বার্সেলোনার হয়ে মাঠে ফেরার পর আবার চোটে পড়েছেন তিনি। ৩২ বছর বয়সী এই ফুটবলার কবে নাগাদ চোট কাটিয়ে ওঠবে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কাতালান ক্লাবটি।
বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল-ইদুনা-পার্কে ৯ অক্টোবর স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর একুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: হুয়ান মুসো (উদিনেসে), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), এমিলিয়ানো মার্তিনেস (আর্সেনাল)
ডিফেন্ডার: হুয়ান ফইথ (টটেনহ্যাম), রেনসো সারাভিয়া (পোর্তো), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (আমেরিকা), মাতিয়াস জারাসো (রেসিং), নিকোলাস দোমিনগেস (ভালেস), রদ্রিগো দে পল (উদিনেজে), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), লুকাস ওকামপোস (সেভিয়া), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার)
ফরোয়ার্ড: মাতিয়াস ভার্গাস (এস্পানিওল), নিকোলাস গনসালেস (স্টুর্টগার্ট), লুকাস আলারিও (বেয়ার লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস)